ডেস্ক রিপোর্ট: পাঁচটি কাজকে গুরুত্ব দিয়ে নতুন মিশনের কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। রোববার র্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় সিদ্ধান্ত হওয়া পাঁচটি কাজকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমন এবং কিশোর গ্যাং কালচার নির্মূল নিয়ে আমরা জোরালভাবে কাজ শুরু করেছি। এই কাজগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের নতুন মিশন শুরু হবে।’ র্যাবের নতুন ডিজি বলেন, এই পাঁচটি বিষয়ের মধ্যে অন্যতম প্রধান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার। এরপর সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমন এবং সবশেষে কিশোর গ্যাং কালচার নির্মূল করা। তিনি বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলনও দরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
সূত্র:দৈনিক শুভ প্রতিদিন