জবি উপাচার্যের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

admin
প্রকাশিত August 11, 2024
জবি উপাচার্যের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড আইনুল ইসলাম, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টকে আগামীকাল (সোমবার) বিকেল ৩টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মতবিনিময় করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনে যত আওয়ামী দোসর রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ করতে না চায় তাহলে কীভাবে পদত্যাগ করাতে হবে তা ছাত্রসমাজ জানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি ইতোমধ্যে পদত্যাগ করেছে কিন্তু আমাদের ভিসি কেন এখনও পদত্যাগ করছে না, তার পেছনে যদি কারো হাত থাকে ছাত্রসমাজ তাদের মোকাবিলা করতে প্রস্তুত। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক স্বর্ণ আক্তার রিয়া বলেন, আমরা আগামীকাল (সোমবার) বিকেল ৩টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে উপাচার্য ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ করতে হবে। যদি তারা আগামীকাল বিকেল ৩টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।

সূত্র:মিশিগান প্রতিদিন