টানা দ্বিতীয় দফা বাড়ল সোনার দাম

admin
প্রকাশিত November 24, 2026
টানা দ্বিতীয় দফা বাড়ল সোনার দাম

আগের দিন সোমবারের মতো আজও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, যা গতকাল ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর ফলে ভরিতে সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়েছে।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৩ হাজার ৪২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপা আগের দামেই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।