পাকিস্তানে একটি সাধারণ ছবিও নারীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে

admin
প্রকাশিত November 18, 2026
পাকিস্তানে একটি সাধারণ ছবিও নারীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে

একটি হাস্যোজ্জ্বল কিশোরীর ছবি। পরনে জিনস ও হাতাকাটা টপ। বিশ্বের অনেক দেশেই এমন পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা খুবই স্বাভাবিক। কিন্তু পাকিস্তানের একটি রক্ষণশীল শহরের কিশোরী মানিজার (ছদ্মনাম) জন্য এমন একটি ছবি হয়ে উঠেছিল তার প্রাণনাশের কারণ। পরিবারের কেউ ছবিটি দেখলে ‘সম্মান রক্ষার’ নামে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কা ছিল তার।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে মানিজা জানায়, তার পরিবার অত্যন্ত রক্ষণশীল। তাই সব সময় হিজাব পরত সে। বাবা পড়াশোনা বন্ধ করে দিতে চাইলেও মায়ের চেষ্টায় স্কুলে যাওয়া অব্যাহত ছিল। তবে বাবা হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনো বিপদে জড়ালে একেবারে মেরে ফেলবেন তাকে।

কিন্তু এক বন্ধুর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল মানিজার। একপর্যায়ে ওই তরুণ তার ছবি দেখতে চায়। ছবি মুছে ফেলার প্রতিশ্রুতি দিলে মানিজা একটি ছবি পাঠায়। কিন্তু সেই ছবি সংগ্রহ করে পরে ব্ল্যাকমেল শুরু করে ওই তরুণ। দেখা করতে চাপ দেওয়ার পাশাপাশি ছবিটি পরিবারের কাছে পাঠানোর হুমকিও দেয়। এমনকি শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি হলে ছবিটি মুছে ফেলার প্রস্তাব দেয়।

পরে মানিজার ছবি ব্যবহার করে ‘আমার জীবনের ভালোবাসা’ লিখে ভুয়া একটি অ্যাকাউন্টও খোলা হয়। এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি সে। কারণ, প্ল্যাটফর্মটির কাছে ছবিটি নীতিমালা লঙ্ঘনের মতো মনে হয়নি।

সম্প্রতি প্রকাশিত ‘এক্সপ্লিসিট হার্মস অব নন-এক্সপ্লিসিট ইমেজেস’ শীর্ষক প্রতিবেদনে এ ধরনের ঝুঁকির বিষয়টি তুলে ধরেছে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা সংস্থা ‘চেইন’। সংস্থাটির প্রধান নির্বাহী হেরা হুসাইন বলেন, প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো সাধারণত নগ্নতা শনাক্ত করার মাধ্যমে ছবিসংক্রান্ত নির্যাতন ঠেকানোর চেষ্টা করে। কিন্তু নগ্নতা না থাকলেও কোনো ছবি নারীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই ছবির বিষয়বস্তুর পাশাপাশি সেটি প্রকাশে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছিল কি না, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

প্রতিবেদনে বেলুচিস্তানের ১৫ বছর বয়সী জারঘুনার ঘটনাও তুলে ধরা হয়েছে। স্কুলের বনভোজনে একটি হ্রদে নামার সময় তার ছবি তোলে এক সহপাঠী। পরে স্কুলের অনুষ্ঠানে বড় পর্দায় ছবিটি প্রদর্শন করা হলে চরম অপমানিত বোধ করে সে। ভেজা পোশাকে শরীরের গড়ন দৃশ্যমান হওয়ায় সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কা তৈরি হয়। তার ভাষ্য, এমন সাধারণ ছবিও ব্যবহার করে নারীদের কাছে যৌন সুবিধা দাবি, অর্থ আদায় কিংবা অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়ানোর চাপ সৃষ্টি করা হয়।

পাকিস্তানে অনলাইনে নারী-পুরুষের ব্যবহারের বৈষম্যও প্রকট। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দুই-তৃতীয়াংশ পুরুষ। টিকটকের প্রায় ১০ কোটি ব্যবহারকারীর ৭০ শতাংশের বেশি পুরুষ বলে ধারণা করা হয়। গত বছর যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে নিয়ে ১৪ বছর বয়সী হিরা আনোয়ারকে টিকটক ভিডিওর কারণে হত্যা করেন তার বাবা। একই বছর অনলাইনে এক তরুণের আসক্তির শিকার হয়ে খুন হন কিশোরী টিকটক ব্যবহারকারী সানা ইউসুফ।

চেইনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ছবি ব্যবহার করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থান থেকে দূরে সরিয়ে দেওয়া, জোরপূর্বক বিয়ে, শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে।

পাকিস্তানের ডিজিটাল রাইটস ফাউন্ডেশনের হেল্পলাইনে প্রতি মাসে প্রায় ২৫০টি অভিযোগ আসে। সংস্থাটির প্রতিষ্ঠাতা আইনজীবী নিঘাত দাদ বলেন, পাকিস্তানের মতো সমাজে নারীর ব্যক্তিগত জীবন ও অনলাইন উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। তাই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর নীতিমালায় স্থানীয় সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা বিবেচনা করা জরুরি।

চেইন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী কনটেন্ট নিয়ন্ত্রণ ও সম্মতিভিত্তিক অভিযোগ জানানোর ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে। মানিজার ছবিটি এখনো অনলাইনে রয়েছে। নিরাপত্তার আশঙ্কায় তার মা তাকে স্কুল ছাড়তে বাধ্য করেছেন। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। মানিজা বলে, প্রতিদিন আতঙ্কের মধ্যে বেঁচে থাকতে হচ্ছে তাকে।