আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম নেই। অথচ গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। সেই খবরে বিস্ময় ও বিরক্তি ছিল মোস্তাফিজের পরিবার। শেষ পর্যন্ত নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা দেখে পরিষ্কার হয়েছে, মোস্তাফিজের নাম নেই সেখানে। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার—হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
গত আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের ইতিহাসে রেকর্ড দামে (৯ কোটি ২০ লাখ রুপি) মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু পরে নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিয়ে তখন তুমুল আলোচনা-সমালোচনা হয়। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে তা হয়ে ওঠে রাষ্ট্রীয় ও রাজনৈতিক আলোচনার বিষয়। এর জেরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানালেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। মোস্তাফিজকে ঘিরে শুরু হওয়া সেই ঘটনা তাই শুধু একজন ক্রিকেটারের আইপিএলে খেলা না-খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।
প্রায় এক বছর পর আবার আইপিএল নিলামে মোস্তাফিজের নাম থাকা নিয়ে গুঞ্জন ছড়ালে তাঁর পরিবার বিস্মিত ও বিরক্ত। গতবারের ঘটনার পর নতুন করে আইপিএলে নাম লেখানোর কোনো আগ্রহ পাননি মোস্তাফিজ। মোস্তাফিজের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলছেন তিনি। সেখান থেকে আগামীকাল দক্ষিণ আফ্রিকায় যাবেন বাংলাদেশের সাদা বলের সিরিজ খেলতে। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, এবার আইপিএলে নাম লেখানোর ব্যাপারে খুব আগ্রহ ছিল না মোস্তাফিজের।
আইপিএলে নাম নিবন্ধনের প্রক্রিয়াটি হচ্ছে, প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ই-মেইল করে জানতে চায়, কোন কোন ক্রিকেটার নিলামে অংশ নিতে আগ্রহী। বিসিবি সেই ই-মেইলটা ক্রিকেটারদের কাছে পাঠায়। এরপর ক্রিকেটাররা ই-মেইলে পাওয়া লিংকের মাধ্যমে নিলামের জন্য নিবন্ধন করেন। একবার নিবন্ধন সম্পন্ন হলে নিলাম থেকে নাম প্রত্যাহারের সুযোগ থাকে না। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোস্তাফিজ সেই নিবন্ধনই করেননি। ফলে তাঁর নাম প্রত্যাহারের প্রশ্নও ওঠে না।
অবশ্য নিলামে নাম উঠলেই যে দল পাওয়া যাবে না, সেটির নিশ্চয়তা নেই। তবে গত ১০ বছরে যতবার নাম দিয়েছেন অধিকাংশ সময়েই দল পেয়েছেন। ২০২৫ আইপিএলে শুরুতে দল না পেলেও টুর্নামেন্টের শেষ দিকে দিল্লি তাঁকে উড়িয়ে নিয়েছিল। গতবারের ঘটনা মোস্তাফিজ ও তাঁর পরিবারের কাছে শুধুই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে না দেওয়ার সিদ্ধান্তই ছিল না। এর সঙ্গে জড়িয়ে আরও অনেক কিছু। এত কিছুর পর আবার আইপিএলে খেলতে গেলে নতুন করে নানা প্রশ্ন ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করেছে তারা। তাঁকে ঘিরে নানা আলোচনা হতে পারত ভারতেও। চাপ নিয়ে আইপিএলে খেলতে আগ্রহী নন মোস্তাফিজ ও তাঁর পরিবার।
এখানে আর্থিক বিষয়টি যে মোস্তাফিজের কাছে মুখ্য হয়ে ওঠেনি, বোঝাই যাচ্ছে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে নাম দেবেন কি দেবেন না বা খেলবেন না, সেটি একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। মোস্তাফিজের কাছে মনে হয়েছে, এবার আইপিএল থেকে দূরে থাকাই ভালো। বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে অবশ্য আপত্তি নেই। অনাগ্রহটা এবার শুধু আইপিএল ঘিরেই। এখানে ক্রিকেটীয় কারণের চেয়ে গতবারের অভিজ্ঞতা, সম্ভাব্য মানসিক চাপ এবং ব্যক্তিগত কিছু বিষয় বেশি গুরুত্ব পেয়েছে ফিজের কাছে।